নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—রাংলাই হেডম্যান পাড়ার রেংথেন ম্রোর কন্যা তুমলে ম্রো (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) এবং মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং একজনকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরণের ধাক্কায় ছিঁড়ে যাওয়া তারে জড়িয়ে পড়লে ওই নারীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। একই পরিবারের দুজনসহ নিহত তিনজনই ছিলেন ম্রো জনগোষ্ঠীর সদস্য।
চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, “ভোরবেলা ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে জানতে পারি, সেখান থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে তিন নারী মারা গেছেন।”
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”
স্থানীয়রা অবিলম্বে বৈদ্যুতিক লাইন ও সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।








