নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের প্রচণ্ড ধাক্কায় ট্রাকের সামনের কেবিন অংশ ছিন্ন হয়ে যায় এবং পুরো গাড়িটি বিকৃত হয়ে পড়ে। এতে ট্রাকচালক ও সহকারী (হেলপার) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চকরিয়া স্টেশন পার হওয়ার সময় পেকুয়া থেকে আসা একটি মালবোঝাই ট্রাক রেললাইন অতিক্রম করছিল। ঠিক তখনই ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। তারা অভিযোগ করেন, রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারাও জানান, চকরিয়া-পেকুয়া সড়কের মছনিয়াকাটা রেলক্রসিং দীর্ঘদিন ধরে গেটম্যানশূন্য। প্রতিদিনই এই পথে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রেল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তারা দ্রুত গেটম্যান নিয়োগসহ স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।








