আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে রাজনীতির অঙ্গনে নতুন মাত্রা যোগ করলেন সাংবাদিক ও ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটান। এ ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করলেন।
সংবাদ সম্মেলনে রেহাম খান বলেন, “আমি আগে কখনো কোনো রাজনৈতিক পদে ছিলাম না। একবার একজন ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম।” এই বক্তব্যে ইঙ্গিত ছিল তার সাবেক স্বামী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের দিকে। তবে তিনি স্পষ্টভাবে জানান, “আজ আমি নিজ সিদ্ধান্তে, নিজের শর্তেই রাজনীতিতে এসেছি।”
রেহাম জানান, তার দল হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর এবং ক্ষমতাসীনদের জবাবদিহির জায়গা। তিনি বলেন, “এটি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন। আমাদের লক্ষ্য রাজনীতিকে জনসেবায় পরিণত করা।”
২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “এই দীর্ঘ সময়ে আমি দেখেছি—এখনো বিশুদ্ধ পানি নেই, স্বাস্থ্যসেবা সংকটাপন্ন। এই অবস্থার অবসান দরকার।”
রেহামের মতে, তার দল ক্ষমতা নয়, বরং বাস্তব পরিবর্তনের জন্য কাজ করবে। তিনি বলেন, “সংসদে এমন মানুষ দরকার, যারা সাধারণ জনগণের মধ্য থেকে উঠে এসেছেন এবং সত্যিকার অর্থে তাদের প্রতিনিধি।”
বংশানুক্রমিক রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক আশীর্বাদ নিয়ে আসিনি। ব্যক্তিগত সাম্রাজ্য গড়তে নয়, বরং সেবার জন্য রাজনীতিতে এসেছি। কেউ চারটি আসনে প্রার্থী হবে না, আর আমরা রাজনৈতিক নাটকেও অংশ নেব না।”
তিনি উল্লেখ করেন, “আজ সংসদে বারবার একই পাঁচটি পরিবার জায়গা করে নিচ্ছে। আমরা সেই প্রথা ভাঙতে চাই। আমরা চাই নেতৃত্ব হোক সেবাভিত্তিক, গণমানুষের প্রতিনিধিত্বমূলক।”
রেহাম খান জানান, তার দলের ইশতেহার খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং সেটি হবে সংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “আমি এসেছি সেই জায়গাগুলো দখলে নিতে, যেখানে এতদিন বড় বড় রাজনৈতিক ব্যক্তি ছিলেন।”








