ছবি: নিহত ইব্রাহিম
শাওন বনিক, স্টাফ রিপোর্টার:
রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় সালিশ বৈঠকে তর্কাতর্কির জেরে গুলিবিদ্ধ হয়ে মো. ইব্রাহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম পেশায় একজন প্রাইভেট কারচালক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, স্থানীয় কোনো বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সালিশ হচ্ছিল। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ইব্রাহিম নিহত হন।
ঘটনার পরপরই পুলিশ অস্ত্রসহ দুজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে গুলি ভর্তি ম্যাগজিনসহ ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।








