,

সাহসী ও জরুরি সংস্কার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে: বিশ্বব্যাংক

বিশেষ প্রতিবেদক:

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট মনে করেন, বাংলাদেশের সাহসী ও জরুরি সংস্কার পদক্ষেপ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। বুধবার বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষ করে এ মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে জুট বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা ও দেশের জনগণের পাশে থাকার ব্যাপারে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি, সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর প্রশংসা করেন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে জুট চলমান ও ভবিষ্যত পরিকল্পনায় বিশ্বব্যাংকের সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জরুরি প্রয়োজনের প্রতি সাড়া দিতে বিশ্বব্যাংক গত অর্থবছরে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত টেকসইতা এবং আর্থিক ও সরকারি খাত সংস্কারে সহায়তার জন্য ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

জুট বলেন, “বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এখানকার জনগণ, বিশেষ করে তরুণরা একটি উন্নত ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারিত্ব লাখো মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে। আমরা অর্থনৈতিক ও জলবায়ু স্থিতিস্থাপকতা গড়ে তুলতে, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশের পাশে থাকব।”

সফরের অংশ হিসেবে তিনি অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতসহ একাধিক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ