আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার সার্বভৌমত্ব ও জাতীয় সংহতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। একইসঙ্গে দেশটির ভূখণ্ডে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার কঠোর নিন্দাও জানিয়েছে রিয়াদ।
মঙ্গলবার (১৬ জুলাই) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির নিরাপত্তা, শান্তি এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানায় রিয়াদ।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বারবার হামলা চালিয়ে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, এমন সংকটময় সময়ে সিরিয়ার পাশে দাঁড়াতে হবে এবং ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নিতে হবে।
এই বিবৃতি এমন এক সময় এসেছে, যখন ইসরায়েল নতুন করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। দেশটির সুয়াইদা প্রদেশ এবং দারা অঞ্চলে এসব হামলায় হতাহতের আশঙ্কা রয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সুয়াইদা শহরে একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
ইসরায়েলের আর্মি রেডিওর তথ্যমতে, সুয়াইদা শহরের ভেতরে একটি সিরিয়ান ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়। একইসঙ্গে দারার ইজরা শহরের উপকণ্ঠেও বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশেই সিরিয়ার সামরিক বহর, ট্যাঙ্ক ও রকেট লঞ্চার সিস্টেমের ওপর হামলা চালানো হয়েছে, যাতে সিরিয়ার সেনা গতিবিধি সীমিত রাখা যায়।
এই হামলা এমন সময় ঘটল, যখন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা স্থানীয় দ্রুজ নেতাদের সঙ্গে আলোচনার পর সুয়াইদা প্রদেশে পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।
যুদ্ধবিরতির অংশ হিসেবে সিরিয়ার সেনাবাহিনী অঞ্চলটি থেকে ভারী অস্ত্র সরিয়ে নিচ্ছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে।
এর ঠিক আগের দিন, সোমবার সুয়াইদায় সশস্ত্র বেদুইন যোদ্ধা ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয় বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।








