খেলার ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশের মাটিতে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সমতায় ফেরে লাল-সবুজের দল। ফলে তৃতীয় ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। সেই ফাইনালেই দাপুটে পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
সিরিজ জয়ের আনন্দ নিয়ে পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল। দলের সদস্যদের সঙ্গে কোচিং স্টাফরাও দেশে ফিরেছেন।
এই সিরিজ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ দল। তবে এখনই বিশ্রামে যাওয়ার সুযোগ নেই লিটন দাসের নেতৃত্বাধীন দলের। সামনে রয়েছে আরও একটি বড় চ্যালেঞ্জ—পাকিস্তান সিরিজ।
আগামীকাল (১৮ জুলাই) থেকেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সে নানা সমালোচনা থাকলেও শ্রীলঙ্কায় এই সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বড় সাফল্যের সম্ভাবনা দেখছেন অনেকে।








