শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঞ্চল্যকর আলী হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় একই পরিবারের নয়জনসহ ১৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৩ আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– আ. করিমের পাঁচ ছেলে আ. রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪) ও আয়তুল হক মালাম (৫২)। আলফাতুনের দুই ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও হায়দার আলী (৩৭)। এছাড়া আলাম মেম্বারের তিন ছেলে রোয়েল (৩৯), রাসেল ছোটন (৩৬) ও সোহেল (৪১); আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪) ও রিয়াদ (৩২); এবং কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)।

এরা সবাই করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা। নিহত সৈয়দ আলীও একই গ্রামের ছিলেন।

মামলার নথি অনুযায়ী, নিহত আলীর সঙ্গে আসামিদের পূর্ব থেকেই জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১৬ সালের ২৩ মার্চ তিনি নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে গেলে আসামিরা পরিকল্পিতভাবে কিরিচ, ছুরি, লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় বোন পারভীন সুলতানা ২৫ মার্চ করিমগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে আলীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলাটি তদন্তের পর একই বছরের ২১ সেপ্টেম্বর উপপরিদর্শক শহর আলী আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে মামলার রায় ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ