,

জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদ প্রণয়নের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ ও জনদৃষ্টিসম্পন্ন হয়—এমন নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। কমিশনের সদস্যরা জানান, জুলাই সনদ চূড়ান্তকরণে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “কমিশনের প্রতিটি বৈঠক সরাসরি সম্প্রচারিত হওয়ায় জনগণ স্বচক্ষে পুরো প্রক্রিয়া দেখছে। দেশ-বিদেশে এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি একটি ঐতিহাসিক প্রক্রিয়া, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। তাই এর প্রতিটি ধাপ হতে হবে স্বচ্ছ এবং মানুষের কাছে দৃশ্যমান।”

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। বাকি সাতটি বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ