নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে সিএনজি চালক পাবেল চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। ভয়াবহ এই ঘটনায় গুলিবর্ষণের মাধ্যমে তাকে পাহাড়ে তুলে নিয়ে গিয়ে প্রায় ১০ ঘণ্টা আটকে রাখা হয়। পরে তার পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।
অপহৃত পাবেল চাকমা হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিখোলা গ্রামের চন্দ্র মনি চাকমার ছেলে।
পাবেল জানান, শুক্রবার (১৮ জুলাই) সকালে শামলাপুর বাজারে সিএনজির সিরিয়াল দেওয়ার জন্য রওনা হন। পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কে একটি কাঠ ফেলে রাস্তা অবরোধ করে রাখে অপহরণকারীরা। বিষয়টি বুঝে পালানোর চেষ্টা করলে তারা গুলি ছুড়ে এবং পরে টেনে-হিঁচড়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।
প্রথমে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও পরে দর কষাকষির পর দেড় লাখ টাকায় তাকে ছেড়ে দেয়।
ভুক্তভোগী জানান, অপহরণকারীদের সংখ্যা ছিল ২০ থেকে ২৫ জন, এবং সবার হাতেই ছিল ভারী আগ্নেয়াস্ত্র।
ঘটনার বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় জানান, খবর পাওয়ার পর টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ অভিযান চালায়। বিকেলে গহীন পাহাড় থেকে পাবেলকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।








