শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে আলোচনার অগ্রগতি না হওয়ায় এবার কিয়েভ চাইছে, আগামী সপ্তাহে ফের আলোচনা শুরু হোক।

শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সবকিছু করা উচিত, এবং রাশিয়ার উচিত সিদ্ধান্ত এড়িয়ে চলার প্রবণতা পরিহার করা।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত। তার মতে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্ব পর্যায়ে সরাসরি সংলাপ অপরিহার্য।

তবে ইউক্রেনের এই প্রস্তাবের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তাঁকেই নতুন করে শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার দুই দফায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন উমেরভ। সে সময় বন্দি ও নিহত সেনাদের মরদেহ বিনিময় নিয়ে একটি চুক্তি হলেও বাকি বিষয়গুলোতে খুব বেশি অগ্রগতি হয়নি।

আলোচনার আগের পর্যায়ে রাশিয়া বেশ কিছু কঠিন শর্ত দিয়েছিল। এর মধ্যে ছিল—ইউক্রেনের চারটি দখলকৃত অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা প্রত্যাখ্যান করা। কিয়েভ এসব শর্ত মানতে রাজি হয়নি।

এদিকে শুক্রবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তি প্রচেষ্টায় গতি আনার ব্যাপারে জেলেনস্কির বক্তব্যের সঙ্গে মস্কো একমত।

রাশিয়ার অবস্থানে এমন নমনীয়তা এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছেন। দায়িত্ব গ্রহণের পর শুরুর দিকে রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় থাকলেও এখন ট্রাম্প বেশ কঠোর অবস্থান নিয়েছেন।

গত সপ্তাহে তিনি রাশিয়াকে যুদ্ধ বন্ধের জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে রুশ পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

এই প্রেক্ষাপটে ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব ও রাশিয়ার সম্ভাব্য সাড়া আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আশার ইঙ্গিত দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ