শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই মাসেই জাতীয় সনদ চূড়ান্ত: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “এটি শুধু আমাদের নয়, আপনাদেরও (রাজনৈতিক দলগুলোর) প্রত্যাশা। তাই আমরা অগ্রসর হতে পারছি। ইতোমধ্যেই অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। কিছু বিষয় এখনো আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করতে হবে।”

আজ রোববার (২০ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনা শুরুতে তিনি এসব কথা বলেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান।

আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য, ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমন্বিত সনদের খসড়া চূড়ান্ত করা। দেশের জনগণ এমন একটি ঐকমত্য প্রত্যাশা করছেন।”

উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো থেকে কমিশনের ওপর দায়িত্ব অর্পণের প্রসঙ্গে তিনি জানান, “কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম শুক্র ও শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব। তবে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, আরও কিছু সময় নিয়ে বিষয়টি বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের মতামত ও অবস্থান পর্যালোচনার পাশাপাশি উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে সম্ভাব্য প্রতিক্রিয়াও বিবেচনায় নেওয়া হচ্ছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে।”

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “গত কয়েক দিনের আলোচনার ভিত্তিতে একাধিক প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হয়েছিল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করে সমন্বিত একটি খসড়া তৈরি করা হয়েছে। আজকের আলোচনায় সেই খসড়ার পরিণতির দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “গত ১৪ বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সবাই যুক্ত ছিল। বর্তমানে আমরা এ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে ঐকমত্যে পৌঁছেছি। এখন প্রধান উপদেষ্টার কাঠামো নিয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো সম্ভব হবে বলে কমিশনের দৃঢ় বিশ্বাস।”

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ