,

মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সাবেক সেনা সদস্যসহ আটক ৫ জন

অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার এবং সাবেক কর্পোরাল মুকুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের ৭ নম্বর এভিনিউয়ের একটি ভবনের পঞ্চম তলায় প্রবেশ করেন পাঁচ ব্যক্তি। তারা নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসায় ঢুকে পড়েন। বাসার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। প্রতারকরা বাসায় ঢুকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে।

পরে একটি প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এনডিসি চেকপোস্টের কাছে স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে আটক করে। ঘটনাটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। তবে তিনি চারজনকে আটকের কথা জানিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেক কর্পোরাল মুকুল জানিয়েছেন, মিরপুর-১০ নম্বর এলাকায় এক চায়ের দোকানে হারুনুর রশিদ নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। হারুন তাকে জানান, একজন ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তরা সেখানে যান। তবে পুলিশ বলছে, এটি কোনো বৈধ অভিযান নয়, বরং একটি পরিকল্পিত ডাকাতি।

অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ডায়মন্ড ও স্বর্ণালংকার, ল্যাপটপ, তিনটি দামি হাতঘড়ি, প্রসাধনী সামগ্রী, কিছু ইয়াবা ট্যাবলেট এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ