প্রতিনিধি, গোপালগঞ্জ (কে এম সাইফুর রহমান):
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে কোটালীপাড়ায় সড়ক অবরোধ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।
রোববার (২০ জুলাই) দুপুরে ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার। বক্তারা দাবি করেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং ছাত্র-শিক্ষক, দিনমজুরসহ সাধারণ মানুষ যেনো হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
তারা আরও বলেন, এনসিপির কর্মকাণ্ডের দায়ভার বিএনপি নেবে না। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ফায়েকুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, যুগ্ম সম্পাদক আ. হাকিম খলিফা, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।








