নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকার কাছাকাছি মাইলস্টোন কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিধ্বস্ত বিমানের ধোঁয়া ও আগুনের চিত্র দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা বা বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হয়নি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “এইমাত্র খবর পেলাম যে মাইলস্টোন কলেজের এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে তারা সংবাদ পান। প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে, আরও দুটি ইউনিট প্রস্তুত রয়েছে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার প্রচেষ্টা চলছে।








