শাওন বনিক, স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং অন্তত ২৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। প্রতিষ্ঠানটির ডিউটি অফিসার খালেদা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে দলের নেতা-কর্মী এবং পেশাজীবীদের দ্রুত পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তারেক রহমান লেখেন, “মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা, মানসিক বিকাশ ও নিরাপত্তার আশ্রয় হওয়ার কথা, সেখানে এমন ভয়াবহ অভিজ্ঞতা কোনো শিক্ষার্থীর জন্যই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “আমি প্রার্থনা করি এই ভয়ংকর ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য। একই সঙ্গে বিএনপির নেতাকর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি—এই দুঃসময়ে যেন সকলে তাদের পাশে দাঁড়ায়।”
তারেক রহমান মনে করেন, “একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট অতিক্রম করতেই হবে।”

মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনাটি ঘটে ছুটির ঠিক আগমুহূর্তে। তার ভাষায়, “একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি আমাদের জুনিয়র সেকশনের ভবনে আঘাত হানে। সেখানে নার্সারি থেকে শুরু করে ক্লাস ওয়ান, টু, থ্রি—এই শ্রেণিগুলো পরিচালিত হয়। ভবনের গেটের কাছে সরাসরি আঘাত করে আগুন ধরে যায়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্কুল প্রাঙ্গণের পাশে একটি ভবনের নিচতলায় জ্বলন্ত বিমানের অংশে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ভবনের ওপরের তলা থেকে আতঙ্কিত শিশুশিক্ষার্থীদের দ্রুত নিরাপদে বের করে আনা হচ্ছে।
উদ্ধারকাজ এখনও চলছে। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন।








