,

পতেঙ্গায় দেবর কর্তৃক ভাবী খুনের ঘটনায় মূল হোতাসহ দুইজন গ্রেফতার

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চাঞ্চল্যকর এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। নিহত গার্মেন্টসকর্মী ফেরদৌসি আক্তার (৩২) নিজ বাসায় স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন চড়িহালদা মোড় এলাকায়।

পুলিশ জানায়, ফেরদৌসি আক্তারের সঙ্গে ২০১৩ সালে মোঃ লোকমান হোসেন (৪৫) ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এই বিয়ে লোকমানের পরিবারের স্বাভাবিকভাবে মেনে না নেওয়ার কারণে বিবাহিত জীবনে ফেরদৌসিকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। তাদের সংসারে রয়েছে এক মেয়ে (৮) ও এক ছেলে (৩)।

ঘটনার এক সপ্তাহ আগে ফেরদৌসি রান্নাঘরের মেরামতের কথা বলায় স্বামী লোকমান তাকে মারধর করে। এরপর ১৩ জুলাই রাত ১১টার দিকে রান্নাঘরের বিষয় নিয়ে ফেরদৌসির স্বামী মোঃ লোকমান হোসেন ও দেবর মোঃ রনি (২৮) ফেরদৌসির সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে দু’জন মিলে পরিকল্পিতভাবে তাকে মারধর শুরু করেন। এ সময় রনি তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে ফেরদৌসিকে হত্যা করে। পরে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

পরদিন নিহতের ভাই মোঃ মামুন খান (৩৬) পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই এইচএম হারুনুজ্জামান রোমেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ জুলাই চড়িহালদা মোড় এলাকা থেকে মামলার ১নং আসামী মোঃ রনি (২৮) ও ৩নং আসামী সোলাইমান (৪৮)-কে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ