রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ, আলোচনায় দুই উপদেষ্টা

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। সোমবারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে নানা দাবিতে আন্দোলনে নেমেছেন।

সকাল সাড়ে ১০টার কিছু পর কলেজে পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তারা কলেজের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ক্যাম্পাস ত্যাগের সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলার কনফারেন্স কক্ষে অবস্থান নেন এবং সেখানে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ থেকে সাতজন প্রতিনিধি অংশ নিয়েছেন। এ সময় বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিচ্ছিলেন।

শিক্ষার্থীরা নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ, এবং বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান সংযোজনের দাবিতে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার সকাল ৯টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। তবে সকাল সোয়া ৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে মাইকিং করে জানানো হয়, ওই এলাকায় সভা-সমাবেশ বা কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ। ঘোষণায় বলা হয়, দিয়াবাড়ি গোলচত্বর ও আশপাশের এলাকায় দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান গ্রহণ করা যাবে না।

এদিকে, দুর্ঘটনার পরদিন মঙ্গলবারও কলেজ এলাকা ও আশপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কেউ সন্তান বা স্বজনের খোঁজে এসেছেন। সকাল থেকে কলেজের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করতে দেখা গেছে। অভিভাবকেরা এসে সন্তানদের নিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাকবলিত ভবনের পেছনে অবস্থিত হায়দার আলী হোস্টেল থেকেও শিক্ষার্থীদের বেরিয়ে যেতে দেখা যায়।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া, রাজধানীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।

কলেজ পরিচালক রাসেল তালুকদার জানান, এক নম্বর ভবনের নিচতলায় হতাহতদের তথ্য জানাতে হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে শিক্ষকরা তথ্য হালনাগাদ করছেন এবং অভিভাবকেরা প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন ও নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ