রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিহত ও আহতদের তালিকা প্রকাশে সম্মতি, শিক্ষার্থীদের ৬ দাবি মেনে নিল সরকার

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার তাদের উত্থাপিত ছয় দফা দাবি মেনে নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান তিনি। সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনার পর দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে আইন উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানান, শিক্ষার্থীদের ছয়টি দাবি পূরণে সরকার সম্মত হয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি ছিল:

১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় প্রকাশ।
২. আহতদের সঠিক, নির্ভুল তালিকা প্রকাশ।
৩. শিক্ষকদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের অশোভন আচরণের জন্য নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান।
৫. বিমানবাহিনীর ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমান বাতিল করে আধুনিক বিমান চালু।
৬. প্রশিক্ষণের পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র মানবিক ও নিরাপদভাবে সংস্কার।

শিক্ষার্থীদের অভিযোগ, নিহতদের প্রকৃত সংখ্যা একশরও বেশি, কিন্তু তার স্বচ্ছ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগ সত্য নয়।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানবাহিনীর একটি চীনা তৈরি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের একটি দুইতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত সরকারি তথ্যমতে, এ ঘটনায় ২৭ জন নিহত এবং ৭৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। আজ সকাল থেকেই তারা কলেজের মূল ফটকে ও গোলচত্বরে অবস্থান নিয়ে দাবিদাওয়া উপস্থাপন করে। স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ এলাকা। উপদেষ্টাদের সরেজমিনে উপস্থিতি ও সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনের গতিপথ এখন শান্তিপূর্ণ আলোচনার দিকে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ