নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
তিনি জানান, ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে নিয়মিত পরীক্ষার সময়সূচি শেষে জানিয়ে দেওয়া হবে। এর আগে সোমবার গভীর রাতে ২৩ জুলাইয়ের (মঙ্গলবার) পরীক্ষাও স্থগিত করা হয়েছিল, যা অভিভাবক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলে দেয়। অনেকেই সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়ে স্থগিতাদেশের বিষয়টি জানতে পারেন।
এদিন সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভে অংশ নেয়। এসব দাবির সবগুলোকে যৌক্তিক বলে স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবিগুলো ইতিমধ্যে সরকার বিবেচনায় নিয়েছে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।
কলেজ ক্যাম্পাসে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান, ছয় দফা দাবির মধ্যে—
- নিহতদের নাম ও পরিচয় প্রকাশ,
- আহতদের নির্ভুল তালিকা প্রস্তুত,
- শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা,
- উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান,
- ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল এবং
- প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার—
সবগুলো বিষয়েই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের তথ্য সংরক্ষণের জন্য একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। সেখানে নিখোঁজদের তথ্য, ক্ষতিপূরণের অগ্রগতি, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্ট সংক্রান্ত সব তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
আন্দোলনের সময় সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ উঠেছে উল্লেখ করে আইন উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সেনা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।
তিনি আরও জানান, জনবহুল এলাকায় যেন আর প্রশিক্ষণ বিমান ওড়ানো না হয়, সে জন্য বিমান বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।








