সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাপানের সঙ্গে ট্রাম্পের ‘সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি

(ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে “সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি” বলে আখ্যা দেন।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর শুল্ক হার ২৪ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে। একইসঙ্গে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “জাপানের সঙ্গে বিশাল এক চুক্তি করেছি, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। জাপান যুক্তরাষ্ট্রে বিপুল অঙ্কের বিনিয়োগ করবে এবং আমাদের কৃষিপণ্যের জন্য বাজার খুলে দেবে।”

চুক্তির অধীনে জাপান যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, চাল এবং নির্দিষ্ট কিছু কৃষিপণ্য আমদানির সুযোগ দেবে। এ ছাড়া, দুই দেশ আলাস্কায় তরল প্রাকৃতিক গ্যাস (LNG) প্রকল্পে যৌথ বিনিয়োগের বিষয়েও একমত হয়েছে।

কংগ্রেস সদস্যদের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এই চুক্তি দুই দেশের জন্যই চমৎকার। আমি সবসময় বলি, যদি চুক্তি হয়, তাহলে সেটা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে হবে।”

এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মন্তব্য করেন, “আমাদের বিশ্বাস, এই চুক্তি জাতীয় স্বার্থ রক্ষা করবে। তবে আমরা বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরে চূড়ান্ত অবস্থান জানাবো।”

প্রসঙ্গত, আলোচনার শুরুর দিকে যুক্তরাষ্ট্র জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং হুঁশিয়ারি দিয়েছিল যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। কিন্তু চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন সেই হার কমে এসেছে ১৫ শতাংশে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ