শাওন বনিক, স্টাফ রিপোর্টার:
ঢাকার মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী গ্যাং ‘তরুণ গ্যাং’-এর প্রধানসহ চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ‘তরুণ গ্যাং’-এর প্রধান তরুণ মিয়া (২৩) ও তার তিন সহযোগী—ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) এবং মো. মামুন মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়।
সিটিটিসি জানায়, গ্রেফতারকৃতরা ধারালো অস্ত্র, বিশেষ করে চাপাতি ব্যবহার করে মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ছিনতাই করত। তারা পথচারীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সিটিটিসি।








