অনলাইন ডেস্ক:
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই চিকিৎসক দলটি ভারতের শীর্ষস্থানীয় রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছে। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম। প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের অবস্থা মূল্যায়নের পর পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনে ভারতে স্থানান্তরের সুপারিশ করা হতে পারে। সেইসঙ্গে পরিস্থিতি অনুযায়ী আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর কথাও বিবেচনায় রয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন।








