শাওন বনিক, স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কামাল মিয়া (২৬)।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়ের কাছে আকিজ পাম্পের উত্তর পাশের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলা থেকে একটি প্রাইভেট কারযোগে একজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল উল্লিখিত স্থানে অবস্থান নেয় এবং কামাল মিয়াকে তার গাড়িসহ আটক করে। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় ৪৮ কেজি গাঁজা।
ডিবি আরও জানায়, গ্রেফতারকৃত কামাল মিয়া একজন পেশাদার মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় কামাল মিয়ার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








