আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স খবরটি নিশ্চিত করেছে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, উদ্ধারকারীরা বিমানের ধ্বংসাবশেষ জ্বলন্ত অবস্থায় খুঁজে পেয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রাথমিক তথ্যে জানা গেছে—এ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপন নিরাপত্তা কেন্দ্র সংবাদসংস্থা তাসকে জানিয়েছে, আকাশপথে ঘটনাস্থল পর্যবেক্ষণের সময় জীবিত কোনো ব্যক্তিকে দেখা যায়নি।
এর আগে দেশটির জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে হঠাৎ হারিয়ে যায়।
ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ান উদ্ধারকারী দল বিমানের মূল অংশ জ্বলন্ত অবস্থায় খুঁজে পেয়েছে এবং তার ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে পাওয়া গেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
নিহতদের সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ।








