আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের জন্য সদা প্রস্তুত’ থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি এক আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই বার্তা দেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করে।
রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনের সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, সৈন্যরা সমুদ্রের দিকে গোলাবর্ষণ করছে এবং কিম জং উন একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে দূরবীন দিয়ে মহড়া পর্যবেক্ষণ করছেন। তার পাশে ছিলেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। তবে মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, কিম সেনাদের নির্দেশ দিয়েছেন এমনভাবে প্রস্তুতি নিতে, যাতে যুদ্ধকালীন মুহূর্তে শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করার সক্ষমতা অর্জন করা যায়। তার ভাষায়, “সেনাবাহিনীর উচিত প্রকৃত যুদ্ধে অংশ নেওয়ার মতো মানসিকতা ও প্রস্তুতি সর্বদা বজায় রাখা।”
কিমের এই মন্তব্য এমন সময় এলো, যখন উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গত বছর উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে বিপুল পরিমাণ সেনা, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট পাঠিয়েছে। এসব অভিযানে অংশ নিতে গিয়ে ইতোমধ্যে কমপক্ষে ৬০০ উত্তর কোরিয়ান সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে কিম জং উন ইউক্রেন যুদ্ধের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল পিয়ংইয়ং সফরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।








