পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
তথ্য সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (ISMS) বাস্তবায়নে সফল হয়ে সম্মানজনক ISO সনদ অর্জন করেছে দেশের অন্যতম ডিজিটাল অপারেটর বাংলালিংক।
সাইবার নিরাপত্তা জোরদার ও গ্রাহকের তথ্য সুরক্ষায় এ অর্জন প্রতিষ্ঠানটির পেশাদারিত্ব এবং দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরগুলোর মধ্যে বাংলালিংক অন্যতম যারা আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে। এটি আইএসওর সর্বশেষ সংস্করণের মান অনুযায়ী তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার স্বীকৃতি।
এই সনদের জন্য বাংলালিংককে তথ্য সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, তার নিয়মিত হালনাগাদ ও ক্রমাগত উন্নয়ন নিশ্চিত করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। এতে করে অননুমোদিত প্রবেশ ঠেকানোসহ নানা সাইবার ঝুঁকি কমাতে সহায়ক হয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি কেবল তথ্য সুরক্ষাই নয়, নিরাপদ ও মানসম্পন্ন ডিজিটাল সেবা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ।
সনদ প্রদান প্রক্রিয়ায় বাংলালিংকের অভ্যন্তরীণ নীতিমালা, পরিচালন কাঠামো ও সামগ্রিক সক্ষমতার কঠোর মূল্যায়ন করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ৬০টিরও বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে।
তথ্য সুরক্ষা নিশ্চিতে বাংলালিংক পরিচালনা করছে সার্বক্ষণিক (২৪/৭) নজরদারি ব্যবস্থা, যার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (NOC) এবং সিকিউরিটি অপারেশনস সেন্টার (SOC)। এ দুটি সেন্টার থেকে রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়।
প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা পরিচালনার পাশাপাশি কর্মীদের তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তোলে। এভাবে তারা বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সনদ অর্জন উপলক্ষে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (CTIO) হুসেইন টার্কার বলেন, “গ্রাহকদের জন্য সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ২০১৩ সাল থেকেই আমরা তথ্য সুরক্ষা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার মান পূরণে নিরলসভাবে কাজ করে আসছি। এই অর্জন আমাদের দীর্ঘ সময়ের শ্রম ও দায়বদ্ধতার স্বীকৃতি। শুধু প্রযুক্তি নয়, আমরা গ্রাহকের আস্থাকেও সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবননির্ভর এই যাত্রায় ISO সনদ আমাদের ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত থাকার সংকেত।”
এই অর্জনের মধ্য দিয়ে বাংলালিংক দেশের টেলিযোগাযোগ খাতে তথ্য সুরক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।








