নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রামপুরা এলাকায় এক ব্যবসায়ীর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইয়াসিন পাটোয়ারীকে (২৪) গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। অভিযানে ছিনতাইকৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনার পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নরসিংদীতে একটি প্রজেক্ট শেষ করে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে বনশ্রী মেইন রোডে অবস্থিত আবেশ হোটেলের সামনে অসুস্থবোধ করায় গাড়ি থামিয়ে নামেন আমিরুল। সে সময় তার ড্রাইভার এবং পাশে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত যুবক তাকে ধরে আবার গাড়িতে উঠতে সহায়তা করে। পরে ওই যুবকও গাড়িতে উঠে বসে।
গাড়িটি আমিরুলের বাসার নিচে বনশ্রী ব্লক-এ, রোড নম্বর-০৫ এর বনশ্রী টাওয়ারে পৌঁছালে তিনি নামার সময় যুবকটি নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়। ধন্যবাদ জানিয়ে আমিরুল যখন বিদায় দিতে যান, তখন হঠাৎ ইয়াসিন তার হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আমিরুল ইসলাম রামপুরা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানা পুলিশ জানতে পারে যে, মামলার অভিযুক্ত আশকোনার একটি ভাড়া বাসায় আত্মগোপনে রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পশ্চিমপাড়া আশকোনার রোড নম্বর-০২, বাড়ি নম্বর-৩৬ এর তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াসিন পাটোয়ারীকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশিকালে তার শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াসিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








