শাওন বণিক, স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজি, চোর ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা ওসির অপসারণ এবং পুলিশের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।
বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বলেন, “ওসি ইফতেখার হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিতভাবে স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করে যাচ্ছেন। আইনি সহায়তা নিতে গেলেও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মোহাম্মদপুরের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকাকে অপরাধীদের সঙ্গে আঁতাত করে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন।”
আরেক বাসিন্দা ইসমাইল হোসেন পাটোয়ারী বলেন, “ওসির বিরুদ্ধে আমরা বহুদিন ধরে অভিযোগ করে আসছি। কিন্তু ডিএমপি থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। থানায় গিয়ে মানুষ সেবা পায় না, উল্টো দুর্ব্যবহার ও হয়রানির শিকার হয়। পুলিশের এমন আচরণে আমরা হতাশ। প্রশাসনের কাছে দাবি, ওসিকে দ্রুত প্রত্যাহার করে মোহাম্মদপুরে স্বাভাবিক আইনশৃঙ্খলা নিশ্চিত করা হোক।”
বিক্ষোভকারীরা জানান, এ বিষয়ে ইতোমধ্যেই ডিএমপি কমিশনার, পুলিশ হেডকোয়ার্টারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন থেকে দ্রুত ওসি ইফতেখার হাসানকে অপসারণ, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপের দাবি জানানো হয়।








