পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
সিলেটের জালালাবাদ সেনানিবাসে শুক্রবার (২৫ জুলাই) শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’। এই ছয় দিনের অনুশীলন চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
অনুশীলনে অংশ নিয়েছেন নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য। অনুশীলনের লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদার, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে সহায়ক হবে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় দেশটি প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।








