(প্রতীকী ছবি)
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) এর মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ-এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল ওই এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক গুলিবিনিময়।
এতে ইউপিডিএফ (প্রসিত) এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
ওসি মো. জাকারিয়া জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।








