নিজস্ব প্রতিবেদক:
খুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫, শুক্রবার বিকেলে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ রেজাউল হক, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলে মিলে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।








