নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাস্টার প্যারেড আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় আরএমপি লাইন্স মাঠে এই প্যারেডের আয়োজন করা হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অভিবাদন গ্রহণ শেষে তিনি এক দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি একজন পুলিশ সদস্যের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধের প্রতিফলন। সৌভাগ্যের বিষয়, মাস্টার প্যারেড নিয়মিতভাবে শারীরিক ফিটনেস ধরে রাখারও একটি সুযোগ তৈরি করে।”
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপি’র বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় এবং ফিজিক্যাল ফিটনেস বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন কর্মকর্তারা।








