অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ কিনছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র আলোচনার মধ্যে সরকারের এই বিমান কেনার সিদ্ধান্ত এলো।
বাণিজ্য সচিব বলেন, “বোয়িংয়ের ব্যবসা পরিচালনা করে একটি বেসরকারি কোম্পানি, যুক্তরাষ্ট্র সরকার নয়। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো আমরাও বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া প্রত্যেকে ১০০টি করে অর্ডার দিয়েছে, আর আমরা দিয়েছি ২৫টি।”
তিনি আরও জানান, বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে। ফলে সরবরাহে সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। মাত্র পাঁচদিনের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এতে তৈরি পোশাকসহ দেশের রপ্তানি খাতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।








