পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশ থেকে আগত মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ড. ইউনূস।
তিনি বলেন, “এই সংকটময় সময়ে বিদেশি চিকিৎসকরা শুধু দক্ষতাই নয়, হৃদয়ের উষ্ণতা নিয়েও এসেছেন। তাদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্য এবং বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।” তিনি আরও জানান, আহতদের তাৎক্ষণিক ট্রমা কেয়ারে বিদেশি চিকিৎসক দল স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।
বিদেশি বিশেষজ্ঞদের দ্রুত আগমন ও কার্যক্রম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে এই মিশনে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি বিদেশি চিকিৎসকদের বাংলাদেশে ভার্চুয়ালি দীর্ঘমেয়াদে যুক্ত থাকার অনুরোধ জানান। এ ধরনের অংশগ্রহণ চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, “এই কঠিন সময়ে আপনাদের সহানুভূতি ও সাহায্য জাতি কখনো ভুলবে না।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, “বিদেশি চিকিৎসকরা দ্রুত পৌঁছানোর ফলে অনেক মূল্যবান জীবন রক্ষা সম্ভব হয়েছে।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, “আবারো প্রমাণিত হলো—ডাক্তারদের কোনো সীমানা নেই।”
উল্লেখ্য, সিঙ্গাপুর থেকে ১০ জন, চীন থেকে ৮ জন এবং ভারতের ৪ জন বিশেষজ্ঞ সদস্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধান।








