পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে সরকারি আদেশে (জিও) বাধ্যতামূলকভাবে পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয় থেকে দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ সফরের জন্য সরকারি আদেশ জারি করা হয়। তবে এসব আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় সংশ্লিষ্টরা কোন পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছেন, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।
এ পরিস্থিতি এড়াতে এখন থেকে প্রত্যেক বিদেশ ভ্রমণের আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তার বৈধ পাসপোর্ট নম্বর সুনির্দিষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বিদেশ সফরের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








