নিজস্ব প্রতিনিধি:
খুলনা, ২৮ জুলাই ২০২৫:
মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর আয়োজনে আজ সকালে নগরীর ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয়ে মানব পাচার, চোরাচালান, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহের মতো জটিল সামাজিক অপরাধ প্রতিরোধ একদিনে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ধারাবাহিক প্রচেষ্টা ও সচেতনতা। শিক্ষকরাই পারেন তৃণমূল পর্যায়ে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে, যা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সহজ-সরল মানুষকে বিদেশে ভালো চাকরি, মডেলিং বা বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা প্রতারণা করে। এসব ভিকটিম যখন বুঝতে পারেন যে তারা পাচারের শিকার, তখন তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। বিশেষ করে পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে পাঠানো ব্যক্তিদের খুঁজে বের করা ও উদ্ধারের প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়।”
শিক্ষকদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, “আপনাদের সতর্কতা ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনার মাধ্যমে অনেকেই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে।” তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
সেশনে জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে।








