শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক:

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাসকিন দাবি করেছেন, অভিযোগটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (২৭ জুলাই) দিবাগত মধ্যরাতে সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে আহত করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় তাসকিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি, তবে তদন্ত চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

অভিযোগকারী সৌরভ জানান, মারধরের পর তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে জরুরি চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে তাসকিন আহমেদ অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, কাউকে মারিনি। আমাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার চেষ্টা চলছে।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, তারা গণমাধ্যম থেকেই ঘটনাটি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “তাসকিনের ব্যাপারে আমরা একটি খবর পেয়েছি। পুরো বিষয়টি জানার চেষ্টা করছি। এখনো তাসকিনের সঙ্গে কথা হয়নি। শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পেলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, তাসকিন বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তির একমাত্র ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটার এবং সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড়। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম বাস মিস করার ঘটনায়ও তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ