ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালসহ (শেবাচিম) স্বাস্থ্য খাতের অনিয়ম, ভোগান্তি, হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল দশটায় অবস্থান কর্মসূচির আহবান করা হয়েছে।
বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে আয়োজকদের পক্ষ থেকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান করা হয়েছে।

এরপূর্বে ২৮ জুলাই বিকেলে শেবাচিম হাসপাতাল চত্বর থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র নেতা মহিউদ্দিন রনি, সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহানসহ অন্যান্যরা।
পরে আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি তিন দফা কর্মসূচি ঘোষনা করেন।
১. বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি এবং ওষুধ সরবরাহসহ সর্ব সাধারণের জন্য সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।
২. স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় পরিচয়ের চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠণ করতে হবে।
৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পূণরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।








