তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে একটি বাড়ি থেকে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত পিতা ও পুত্র বর্তমানে পলাতক রয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পালের নিজ বাড়িতে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।
তিনটি সিনথেটিক বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৮ লিটার ১৬০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—
- রয়্যাল স্ট্যাগ হুইস্কি: ২৮ বোতল
- রয়্যাল গ্রিন হুইস্কি: ২৪ বোতল
- ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি: ২২ বোতল
- সিগনেচার হুইস্কি: ১০ বোতল
- ব্রো কোড বিয়াঙ্কো: ২ বোতল
পলাতক আসামিরা হলেন—অমল পাল (৫৮) ও তাঁর ছেলে শংকর পাল (২৯)। দু’জনই দক্ষিণ উত্তরসুর এলাকার বাসিন্দা। অভিযান চলাকালে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
ডিএনসি সূত্রে জানা গেছে, পিতা ও পুত্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত ও সরবরাহ করে আসছিলেন।
ঘটনার পর শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন।








