সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫ জন

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের মিডটাউনে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী নিজেও। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ। খবর আল-জাজিরার।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে, পার্ক অ্যাভিনিউর ৫১তম ও ৫২তম রাস্তাগুলোর মাঝামাঝি ৩৪৫ নম্বর ভবনে। পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনাটি এখনো তদন্তাধীন।

এক সংবাদ সম্মেলনে জেসিকা টিশ বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি কালো রঙের ডাবল পার্ক করা বিএমডব্লিউ গাড়ি থেকে এক পুরুষ বেরিয়ে আসে, যার ডান হাতে একটি এম৪ রাইফেল ছিল। তিনি ভবনের লবিতে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তাৎক্ষণিকভাবে এক নিউইয়র্ক পুলিশ কর্মকর্তাকে গুলি করেন।”

তিনি আরও জানান, বন্দুকধারী এরপর ভবনের নিচতলায় আরও দুইজনকে গুলি করে হত্যা করেন—যাদের একজন নারী এবং অপরজন নিরাপত্তা রক্ষী। এরপর তিনি লিফটে উঠে ৩৩ তলায় যান এবং সেখানে একজন পুরুষকে গুলি করে হত্যা করেন। হামলায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘাতকের পরিচয় জানাতে গিয়ে কমিশনার বলেন, তার নাম শেন তামুরা, বয়স ২৭ বছর। তিনি লাস ভেগাসের বাসিন্দা হলেও কী উদ্দেশ্যে তিনি এ হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে কমিশনার টিশ বলেন, তার নাম দিদারুল ইসলাম। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তাকে ‘অফিসার ইসলাম’ হিসেবে উল্লেখ করেছেন।

জানা গেছে, দিদারুল ইসলাম ছিলেন বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তৃতীয় সন্তানের মা হতে চলেছেন তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, গুলির ঘটনাটি ঘটে একটি অফিস ভবনে, যেটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয় হিসেবেও ব্যবহৃত। এক নারী প্রত্যক্ষদর্শী বলেন, “আমি কাছেই ছিলাম। বন্দুকধারী একতলা থেকে একতলা ঘুরছিলেন এবং হঠাৎ গুলি চালানো শুরু করেন।”

পুলিশ এবং তদন্ত সংস্থাগুলো এখনও ঘটনাস্থলে রয়েছে এবং হামলার পেছনের মোটিভ জানার চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ