রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ-এর (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইউপিডিএফের ঘাঁটিতে অভিযানকালে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
আইএসপিআর জানায়, অভিযানটি এখনো চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে ২৬ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন।








