শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক আইন লঙ্ঘনে ভিক্টোরিয়া পার্কে অভিযান: জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং ফুটপাত দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে সার্বিক সহযোগিতা করে ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ এবং সূত্রাপুর ও কোতোয়ালী থানা পুলিশ।

ডিএমপি ট্রাফিক-লালবাগ বিভাগের সূত্রে জানা যায়, অভিযানে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্যাক্স টোকেন না থাকা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে গাড়ি চালানোর মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী একাধিক চালককে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং ৪টি যানবাহন আটক করে সংশ্লিষ্ট কাগজপত্র প্রদর্শনের জন্য ৭ দিনের সময়সীমা নির্ধারণ করে আদালত।

একই সঙ্গে ফুটপাত দখলের অভিযোগে ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধভাবে জনসাধারণের চলাচলের রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছিলেন।

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তারা সর্বদা প্রস্তুত। মহানগরবাসী ও যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ