শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে ১২৩টি চোরাই মোবাইলসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

ঢাকা: রাজধানীর ডেমরা ও শাহবাগ এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মো. আব্দুল কাদের (৫০) এবং মো. মনির হোসেন (৩২)।

ডিবি-ওয়ারী বিভাগ জানায়, মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটে ডেমরার সুন্না টেংরা এলাকায় এবং রাত ৮টা ৩০ মিনিটে শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরা ও শাহবাগ এলাকার নির্দিষ্ট স্থানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ১২৩টি চোরাই মোবাইল ফোন। অভিযানের সময় তাদের আরও চার থেকে পাঁচজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ছিনতাই বা চুরির মাধ্যমে সংগৃহীত মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানীতে এনে বিক্রি করত।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক সহযোগীদের গ্রেফতার করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ