শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ডাচ বাংলা ব্যাংক এজেন্ট কর্মকর্তা

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের কাকাশুরা বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাইম হোসেন গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ভুক্তভোগী গ্রাহকরা জানান, নাইম হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আস্থাভাজন হিসেবে কাজ করছিলেন। স্থানীয় মানুষ তার মাধ্যমে টাকা জমা রাখা, ডিপিএস খোলা, বিদ্যুৎ বিল প্রদানসহ বিভিন্ন আর্থিক কার্যক্রম সম্পন্ন করতেন।

গ্রাহকদের অভিযোগ, সম্প্রতি তিনি জমাকৃত প্রায় কোটি টাকা আত্মসাৎ করে হঠাৎ নিরুদ্দেশ হন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং বাড়িতেও খোঁজে পাওয়া যাচ্ছে না।

নাইম হোসেনের খোঁজ না পেয়ে গ্রাহকরা বৃহস্পতিবার দুপুরে কাকাশুরা বাজারের ডাচ্ বাংলা এজেন্ট শাখা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম বলেন, “আমি ৫০ হাজার টাকা ডিপিএস করেছিলাম নাইমের মাধ্যমে। এখন জানতে পারলাম, আমার নামে কোনো ডিপিএসই খোলা হয়নি।”

আরেক ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, “মেয়ের বিয়ের জন্য জমা রাখা এক লাখ টাকাও এখন নাইমের সঙ্গে হারিয়ে গেছে।”

এছাড়া একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, দুই মাস আগে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করলেও বিদ্যুৎ অফিসে সেই টাকা জমা হয়নি—নাইম সেই অর্থ আত্মসাৎ করেছেন।

নাইম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ডাচ্ বাংলা ব্যাংকের বরিশাল সদর উপজেলার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, “অভিযুক্ত নাইম হোসেনের সন্ধানে চেষ্টা চলছে। গ্রাহকদের সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, “এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ