পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
ঢাকার হাজারীবাগে একটি পুরাতন অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ রাজু শেখ (২০), মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৫), মোহাম্মদ সুমন গাজী (৩৬) এবং মোহাম্মদ রাসেল (৩৬)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রওশন আরার মেয়ে মোছাম্মত রুনা আক্তার (৩২) একটি পুরাতন অটোরিকশা ২২ হাজার টাকায় রাজু, ফাহিম ও সুমনের কাছে বিক্রি করেন। ওই সময় তারা ৯ হাজার টাকা নগদ পরিশোধ করলেও বাকি টাকা দুই দিনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। নির্ধারিত সময়ে বাকি টাকা না পেয়ে রুনা আক্তার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি।
৩১ জুলাই বিকাল ৪টার দিকে কালুনগর বেরিবাঁধ এলাকার একটি সড়কে রুনা রাজুর সঙ্গে দেখা পেলে টাকা চাইলে রাজু অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে রুনা ও তার ভাড়াটিয়া হৃদয় রাজুর দুটি মোবাইল ফোন রেখে দেন এবং পাওনা টাকা পরিশোধ করে ফোন ফেরত নিতে বলেন।
পরদিন ১ আগস্ট রাত ১টার দিকে রাজুসহ গ্রেফতারকৃত পাঁচজন ও আরও কয়েকজন—যাদের মধ্যে ছিলেন স্থানীয় এক সাবেক বিজিবি সদস্য আব্দুর রশিদ, তার ভাই আব্দুর রহমান ও ভাতিজা আব্দুর রহিম—রুনার বাসায় হামলা চালান। রুনাকে না পেয়ে তারা তার ভাই মো. লিটন (৩৮) ও মা রওশন আরাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
রুনার পরিবারের অন্যান্য সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদ্দাম হোসেনকে ধরে মারধর করেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় লিটন ও রওশন আরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








