পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবরথল (করইছড়া) গ্রামে ৬টি ছাগল খাওয়ার অভিযোগে একটি বিশাল আকৃতির অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় পরিবেশকর্মীরা সাপ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি মৃত অজগর সাপ ও একটি ছাগলের মরদেহ পাশে পড়ে আছে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বোবরথল এলাকায় বিভিন্ন বাড়ি থেকে ছাগল হারিয়ে যাচ্ছিল। শুরুতে তারা ধারণা করেন ছাগলগুলো চুরি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি দেখতে পান, একটি অজগর সাপ একটি ছাগল গিলে ফেলার চেষ্টা করছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দলবদ্ধ হয়ে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
এ বিষয়ে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “অজগর সাপ সংরক্ষিত বন্যপ্রাণী। সঠিক পদ্ধতিতে বন বিভাগকে জানালে প্রাণীটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া যেত।”








