পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র। শনিবার (২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। নির্ধারিত সময়ে, গণঅভ্যুত্থানে জড়িত সকল পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। বিষয়টি ঘিরে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে বলেও জানানো হয়েছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এর আগেই জানান, ৫ আগস্টের মধ্যেই ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। এটি গণআকাঙ্ক্ষার প্রতিফলন। ঘোষণাপত্র ইস্যুকে বাঁচিয়ে রাখা এবং তা বাস্তবায়নের পথে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ।”
উল্লেখ্য, গত বছর সংঘটিত জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে এই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সম্প্রতি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে।
খসড়ায় মোট ২৬টি দফা রয়েছে। এর প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন গণতান্ত্রিক ও জনআন্দোলনের প্রেক্ষাপট এবং সম্প্রতি সংঘটিত জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে।
পরবর্তী পাঁচটি দফায় উঠে এসেছে—রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নিপীড়নের বিচার, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার এবং একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র দেশের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রপটকে প্রভাবিত করতে পারে। এখন সকলের নজর ৫ আগস্ট বিকেল ৫টায় ঘোষণাপত্র উপস্থাপনার দিকে।








