পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামিকে বিকাল ৩টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং হাজতখানায় রাখা হয়। পরে বিকাল ৩টা ২৮ মিনিটে অপুকে আদালতে উপস্থাপন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করে, তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল (১ আগস্ট) ওয়ারী এলাকা থেকে অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।








