,

রাজধানীতে আজ এনসিপি ও ছাত্রদলের সমাবেশ

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে আজ রাজধানীতে পৃথকভাবে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

এনসিপি ‘জুলাই আন্দোলন’ থেকে উঠে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত একটি দল। তারা দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শেষে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ করবে। এ সমাবেশ থেকে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি।

অন্যদিকে, শাহবাগে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ছাত্র সমাবেশ’ করবে ছাত্রদল। গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সারাদেশ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে জোরেশোরে।

এদিকে, একই উপলক্ষে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে চলছে চারদিনব্যাপী ‘জুলাই জাগরণ’ নামের সাংস্কৃতিক উৎসব। আজ উৎসবের তৃতীয় দিন, চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, “শহীদ মিনারে আমাদের পদযাত্রার পরিসমাপ্তি ঘটবে। এখান থেকে নতুন বাংলাদেশের জন্য একটি রূপরেখা ও কর্মসূচি ঘোষণা করব।” তিনি বলেন, “জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। সংসদ বা গণপরিষদ গঠিত হতে হবে এই সনদের আলোকে। এটি অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে।”

নাহিদ আরও বলেন, “আমরা জেনেছি সরকার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এখনও পরিষ্কার নয়। যতক্ষণ না বাস্তবায়নের পদ্ধতি নির্ধারিত হয়, ততক্ষণ সকল দল এতে স্বাক্ষর করবে না।”

তিনি ঢাকাবাসীর প্রতি আগাম দুঃখ প্রকাশ করে বলেন, “আগামীকাল এইচএসসি পরীক্ষা রয়েছে। আমরা জানি শহরে যানজট তৈরি হতে পারে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।” তিনি জানান, ছাত্রদলের শহীদ মিনারে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল, কিন্তু এনসিপির অনুরোধে তারা স্থান পরিবর্তন করে শাহবাগে আয়োজন করছে। এজন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

এদিকে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে আজকের ছাত্রদলের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। প্রায় ৯০টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে, অংশ নেবেন দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য ও আহতরাও।

ছাত্রদল জানিয়েছে, এবারের কর্মসূচি হবে ব্যতিক্রমধর্মী। এজন্য অংশগ্রহণকারী ইউনিটগুলোর জন্য ছয় দফা নির্দেশনা দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে—

  • ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিষিদ্ধ
  • কোনো ধরনের মিছিল বা শোডাউন ছাড়া নির্দিষ্ট স্থানে অংশগ্রহণ
  • অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সহায়তা
  • ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো গাড়ি প্রবেশ না করা
  • সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে ছাত্রদল সবসময় রাজপথে ছিল। জুলাই-আগস্টের আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা। ওই আন্দোলনে আমাদের ১৪২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। আজকের সমাবেশ থেকে শহিদদের স্মরণ এবং ভবিষ্যৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দেশ গঠনে ছাত্রসমাজকে যুক্ত করা, হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান থাকবে আজকের সমাবেশে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ